ইরানের ইসফাহান শহরে আটকে পড়া পাইলটকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের একাধিক সামারিক বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। রোববার দেশটির সামিরক কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত যানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে শনিবার রাতে মার্কিন কর্মকর্তারা জানান, শুক্রবার ইরানে ভূপাতিত হওয়া একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকেও উদ্ধার করা হয়েছে। প্রথমজনকে তার আগের দিন উদ্ধার করা হয়।
পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড জানিয়েছে, ইসফাহান প্রদেশে একটি ইসরাইলি হারমিস-৯০০ ড্রোন এবং একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ইরানের আধা-সরকারি ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে তিনটি প্রদেশে মার্কিন অনুসন্ধান অভিযান পরিচালিত হয়। প্রদেশগুলো হলো- চাহারমাহাল ও বাখতিয়ারি, কোহগিলুয়ে ও বয়ার আহমাদ এবং ইসফাহান। ঘটনাটি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

